
কার কাছে থাকি বলো দুপুর নির্জন হয়ে এলে
কার কাছে হামাগুড়ি দিঘির শীতল কালো জলে
রুপার সিন্দুক ভরা গোপনে হৃদয় তুলে রাখি
সোনার কাঁকন পরা প্রতিদিন কারে দেই ফাঁকি
কার কাছে খোলা যায় একগাছি এলোকেশী চুল
খোলা চিঠি লিখে যাচ্ছি প্রতিদিন সম্বোধন ভুল।
রূপসা নদীর পাড়ে শীতল আঁইচগাতি গ্রাম
স্মৃতি কাতরতা দূরে নিঃশ্বাস ক্লান্ত অবিরাম।
পড়ার টেবিল জুড়ে কাটাকাটি মনচুরি খেলা
হৃদয় চূর্ণকড়ি ছিড়ে গেল কাগজের ভেলা
চেয়ারের ভাঁজ খুলে এক দৌড় ছাদের চাতানে
জোনাকির পাগলামি অকারণ ছফেদা বাগানে
স্বল্প সফর শেষে তুমি ফিরে গেলে নিজ গ্রামে
নক্ষত্র খসে গেল শ্যামনগরের রাধা জানে।
(Visited 48 times, 1 visits today)
