বিষাদের হাজার রকম চিত্রায়ণ করা যায়
শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী সবাই
ভিন্ন ভিন্ন ভাবে বিষাদের চিত্র আঁকবে
রাজনীতিবিদ হলে অন্য কথা
সে আঁকাআঁকির বদলে তুলি ও ক্যানভাসটাই পকেটে পুরে নেবে।
উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের বিষাদের চিত্র ভিন্নতর
আবার নিম্নবিত্ত হলে অন্য কথা
সে আপনার কাছে বিষাদের মানে জানতে চাইবে
জানতে চাইবে,
আগুন ক্ষুধা পেটে নিয়ে ঘুমোতে যাওয়াকে বিষাদ বলে কিনা?
আমি চুপ। আমি এসবের কিছুই না
আমার ক্যানভাস তাই শূন্য
জলের ভিতর থাকা মাছের যেমন তেষ্টা পায় না
বিষাদমণ্ডলে ডুবে বিষাদের চিত্রায়ণ হয় না
বিষাদ মানে হাওয়া, হাওয়া আঁকা যায় না।
(Visited 26 times, 1 visits today)
