মার্ক্সবাদীয় জবানবন্দী

আমি, তুমি মিলে চলো
জোট বেঁধে তারাদের মৃত্যুদণ্ড ঘোষণা করি
ক্ষুদ্রতম সন্ধ্যে দেবার দায়ভারে।
শহরের উষ্ণতম দিনগুলোকে ছুটি দেই চলো
খেয়ালীর মোড়ে, বাইপাসে হেঁটে পায়ে,
সিনেমায়, পোস্টারে।
চলো পালন করি আজকের দীর্ঘতম বেসামরিক দিবস
তোমার কাঁচের মত সবুজ অশ্রুবিন্দুতে
ভেঙে যাবার গল্প এঁকে, চোখে, নখে
হাহাকারের মত সমুদ্রের ছোট্ট টুকরো রেখে।
ভেবে দেখো, আজ কিছু মিছিল হয়ে যাবে
উদ্দেশহীন ছেঁড়া মেঘে, চায়ের কাপে, পোড়া ঠোঁটে।
মেঘেরা যতবার অভিমানে যাবে ছিঁড়ে,
ততবার করে আমাদের জন্যে আকাশ লিখবো,
গল্প ফাঁদবো ভুল বইয়ের প্রচ্ছদে,
বইমেলায়, ভীড়ে।
আমাদের মার্ক্সবাদীয়ও রাতের ওপাশে
শামুকেরা হেঁটে বেড়াবে
ভোররাত খোঁদাই করা সামুদ্রিক দিনে।
দুই জোড়া চোখের জবানবন্দী হবে আজ
অঘোষিত রণাঙ্গনে।

(Visited 55 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.